সুরের মূর্ছনায় চাঁদপুরে তৃতীয় বাঁশি উৎসব
‘সুরের মূর্ছনায় ঐক্যের সুরে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে তৃতীয় বাঁশি উৎসব গত ১৭ এপ্রিল শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও নাট্যব্যক্তিত্ব শরীফ চৌধুরী, সিইসিসির ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী সামাউন কবির এবং বিজয়ী নারী উন্নয়ন সংসদের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক ও জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল হক কমল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জহির উদ্দিন বাবর বলেন, বাঁশি আমাদের লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন ভারত ও মধ্য এশিয়ায় হাজার বছর আগে থেকেই এর প্রচলন রয়েছে। এমন একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও প্রশংসা করেন এবং জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগকে সাধুবাদ জানান।
সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহকারী রেজিস্ট্রার ও সমাজসেবক ডা. মোবারক হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান গোপাল সাহা।
ডা. মোবারক হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, এমন সাংস্কৃতিক আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় এগিয়ে নেয়। সমাজের ভারসাম্য রক্ষায় সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎসবের উভয় পর্বে সভাপতিত্ব করেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ রানা এবং সাংবাদিক আশিক খান।
উৎসবে মোট সাতজন বাঁশিশিল্পী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঁশিশিল্পী হাসান আলী, বরিশালের জুম্মান শরীফ, কুমিল্লার গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জের মো. তফাজ্জল হোসেন শিহাব, চাঁদপুরের মো. কামাল হোসেন এবং শীতল মজুমদার।
অনুষ্ঠানে অতিথি ও শিল্পীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও চাঁদপুরের কৃতি সন্তান প্রয়াত মনোজ আচার্যীকে।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি ও উৎসব কমিটির সদস্য সচিব প্রশান্ত সরকার। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক আশিষ মজুমদার, সংগীত সম্পাদক মো. শাহিন খান, প্রচার সম্পাদক তানভির হোসেন খান এবং সদস্য মো. আল আমিন ও কমল চন্দ্র দাসসহ অন্যান্যরা দায়িত্ব পালন করেন।
উৎসবকে ঘিরে বাঁশিভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা স্বজন সাহা, কণ্ঠশিল্পী নন্দিতা দাস, সুপ্রতীক দাস এবং সারা তাবাসসুম জীবা। প্রেস বিজ্ঞপ্তি।