এপ্রিল ১২, ২০২৬

জাপানে প্রথমবার নিজস্ব ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

0
Untitled-2

আন্তর্জাতিক ডেস্ক:

জাপান তাদের ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর একটি সামরিক ঘাঁটি থেকে গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্স (GSDF) ‘টাইপ-৮৮’ ক্ষেপণাস্ত্রটি ছুড়ে দেয়, যা প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী জলসীমায় নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে।

সাধারণত জাপান এ ধরনের মহড়া যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ঘাঁটিতে করে থাকে। তবে উচ্চ ব্যয় ও সীমিত অংশগ্রহণের কারণে এবার দেশেই মহড়ার আয়োজন করা হয়। এতে খরচ কমার পাশাপাশি আরও বেশি সেনাকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে টোকিও।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, “দেশীয়ভাবে সরাসরি গোলাবর্ষণের (লাইভ-ফায়ার) অনুশীলন দ্বীপাঞ্চলসহ বিভিন্ন এলাকার প্রতিরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।”

তবে পূর্ববর্তী বক্তব্যে চীনকেই সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে জাপান।

জাপানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্বল ইয়েনের কারণে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দেশেই মহড়া চালানোকে বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে দেখা হচ্ছে।

জাপান বর্তমানে জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে সামরিক বাজেট বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে, যা ন্যাটোর মানদণ্ডের সমান।

তাইওয়ান নিয়ে চীনের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতাও আরও দৃঢ় করছে জাপান।

সূত্র: জাপান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *