লেবাননে ইসরায়েলের দুই দফা বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আলি আল-তাহের ও আপার নাবাতিহ এলাকায় এ হামলা হয়। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে বলা হয়েছে, মিফদুনের দারব আল-কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে কোনো বিস্ফোরণ ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, তারা হামলা চালিয়েছে। দাবি করা হয়েছে, লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
উল্লেখ্য, গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে পাঁচটি অবস্থান দখল করে রেখেছে ইসরায়েল। দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও তা এখনও হয়নি। দীর্ঘদিন ধরেই এ অঞ্চল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
অন্যদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে শনিবার (৩০ আগস্ট) সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। সেনা সূত্র জানায়, নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। চলমান যুদ্ধ শুরুর পর থেকে তিনিই ৯০০তম ইসরায়েলি সেনা যিনি প্রাণ হারালেন।
আইডিএফ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনি দুর্ঘটনাবশত সহকর্মী একজন সেনার গুলিতে নিহত হন।