ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার এবার যুক্তরাষ্ট্রের দলে

0
Untitled-5

খেলাধুলা ডেস্ক:

ওয়াটসন–ওয়াহাব রিয়াজের সেই রোমাঞ্চকর লড়াই ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও দাগ কেটে আছে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক বাউন্সারে শেন ওয়াটসনকে চাপে ফেলেছিলেন ওয়াহাব রিয়াজ। সেই ম্যাচে ওয়াহাবের পেস আক্রমণে সঙ্গী ছিলেন আরেক তরুণ পেসার এহসান আদিল।

তবে ম্যাচে স্টিভ স্মিথকে আউট করা ছাড়া উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি আদিল। পাকিস্তান যদি সেই ম্যাচে জয় পেত, হয়তো তাকেও আলাদাভাবে মনে রাখা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই নাম অনেকটাই হারিয়ে যায় আলোচনার বাইরে।

দশ বছর পর আবারও আলোচনায় এলেন এহসান আদিল। তবে এবার পাকিস্তান নয়, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে কাঁধে চোট পান যুক্তরাষ্ট্রের পেসার জসদীপ সিং। তার বদলি হিসেবে আদিলকে দলে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।

পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলেছেন এহসান আদিল। টেস্টে তার শিকার ৫ উইকেট এবং ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।

যদিও পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্রের হয়ে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আদিল। ফলে আজ মাঠে নামলে যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক ঘটবে এই ডানহাতি পেসারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *